নিউজ বাংলা ডেস্ক :
সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এমনটা জানিয়েছেন।
৩ অক্টোবর শুক্রবার দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্র শিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে। সেক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দিতে হতে পারে। তবে কমপক্ষে ২০০ আসনে নির্বাচন করবে জামায়াত।
গোলাম পরওয়ার আরও বলেন, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা ক্ষীণ বা কখনো নির্বাচন করিনি সেসব আসন ছেড়ে দেয়া হতে পারে। কেউ যদি মনে করে নিজের আসন থেকে অন্য কোথাও সে বেশি জনপ্রিয়, তাহলে ভোটার তালিকা স্থানান্তর করতে হবে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :