তাহিরপুরে বজ্রপাতে মালবাহী নৌকার সুখানীর মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

তারিকুল হাসান রনি, তাহিরপুর ‎(সুনামগঞ্জ) প্রতিনিধি : 

তাহিরপুর উপজেলার এক মালবাহী নৌকায় বজ্রপাতে নজির আখঞ্জী (পিতা: আব্দুস সালাম আখঞ্জী) নামে এক সুখানীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তরং শ্রীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে মালামাল লোড করে নৌকা নিয়ে গন্তব্যে ফেরার পথে এ ঘটনা ঘটে। নৌকায় নজির আখঞ্জীসহ মোট তিনজন শ্রমিক ছিলেন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, আকস্মিক বজ্রপাতের পর তারা দুজন নৌকার ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে নজির আখঞ্জীকে অচেতন অবস্থায় দেখতে পান তারা।

পরে দ্রুত তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত নজির আখঞ্জী দিনমজুর হিসেবে ছোট মালবাহী নৌকায় মালামাল লোড-আনলোডের কাজ করতেন এবং নৌকার সুখানীর দায়িত্ব পালন করতেন।

এদিকে নিহতের পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ