কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: আব্দুল মুবিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিগগিরই উন্নয়নকাজ শুরু হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
রোববার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে শওকতুল ইসলাম শকু বলেন, “আলহামদুলিল্লাহ, কুলাউড়া হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীতকরণের সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইনশাআল্লাহ, অতি শিগগিরই কাজ শুরু হবে।”
বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। দীর্ঘদিন ধরে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, সিজারিয়ান সেবার ব্যবস্থা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।
এখনো কুলাউড়ায় সিজারিয়ান সেবা চালু না থাকায় গর্ভবতী নারীদের মৌলভীবাজার সদর হাসপাতালে যেতে হয়। ফলে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে বাড়তি ভোগান্তি ও খরচের মুখে পড়তে হয়। স্থানীয়দের আশা, কুলাউড়ায় সিজার সেবা চালু হলে এ এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন।
এমপি শওকতুল ইসলাম শকুর নির্বাচনী ইশতিহারের অংশ হিসেবে হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে এবং রোগীদের দুর্ভোগ কমবে বলে মনে করছেন স্থানীয়রা।
তবে উন্নয়নকাজের মোট ব্যয়, বাস্তবায়নের সময়সীমা এবং নতুন অবকাঠামোর বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আপনার মতামত লিখুন :