কমলনগরে চা দোকানের কারিগর অপহরণ, মুক্তিপণ নিয়েও ফেরত মেলেনি যুবক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: হাসান হাওলাদার, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে বাদশাহ (২৬) নামে এক চা দোকানের কারিগর নিখোঁজ হওয়ার পর তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা নেওয়ার পরও তাকে ফেরত না দিয়ে আরও অর্থ দাবি করছে বলে অভিযোগ স্বজনদের।

অপহৃত বাদশাহ কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সুলতান আহমদের ছেলে। তিনি স্থানীয় রব বাজার চৌরাস্তা এলাকার একটি চায়ের দোকানে দৈনিক মজুরিভিত্তিক কারিগর হিসেবে কাজ করতেন। তার পরিবারে স্ত্রী, সাত বছরের এক কন্যাসন্তান ও দুই বছরের এক পুত্রসন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে প্রতিদিনের মতো কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাদশাহ। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তিনি দোকানে পৌঁছাননি। পরে দোকান মালিক ফারুক হোসেন তাকে খুঁজতে বাড়িতে গেলে বিষয়টি পরিবারের নজরে আসে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত একটি পোস্ট দেন।

পরিবারের দাবি, পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বাদশাহকে ফিরিয়ে দেওয়ার শর্তে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠানোর পরও তাকে মুক্তি দেওয়া হয়নি। বরং পরে আরও ৩০ হাজার টাকা দাবি করা হয়। এরপর থেকে সংশ্লিষ্ট নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান স্বজনরা।

বাদশাহর শ্যালক মুনির হোসেন বলেন, মুক্তিপণের টাকা পাঠানোর পর অপহরণকারীরা সন্ধ্যার মধ্যে বাদশাহকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও তা রাখেনি। বরং নতুন করে আরও টাকা দাবি করেছে।

অপহৃতের মা জহুরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ছেলেকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ