রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করল ১১ দলীয় ঐক্য
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোটের সর্বসম্মতিক্রমে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রচলিত রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারও আগের সরকারের পথ অনুসরণ করছে এবং ইতোমধ্যে বিভিন্ন সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে।
মনোনয়ন পাওয়ার পর কর্নেল (অব.) অলি আহমদ ১১ দলীয় জোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশের সংবিধান, জনগণের স্বার্থ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন এবং জনগণের বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেন।
আপনার মতামত লিখুন :