বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনাকে আনতে চায় সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ব্রাজিল ও আর্জেন্টিনার সমৃদ্ধ ফুটবল ঐতিহ্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশে ব্রাজিল জাতীয় ফুটবল দল ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে এনে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব টার্ফে (এটিজেএফবি) আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার স্পোর্টস ডিপ্লোম্যাসিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং খেলাধুলাকে সমাজের সব স্তরে ছড়িয়ে দিতে কাজ করছে। ফুটবলকে ঘিরে দেশের মানুষের যে আবেগ ও উন্মাদনা রয়েছে, সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে বিশ্ব সম্প্রীতি গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলের কাঠামো, অবকাঠামো ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য মডেল হতে পারে। এসব দেশের সঙ্গে আলোচনা করে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে ফুটবলের উন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাউলো ফার্নান্দো জিয়াস ফেরেস, বাংলাদেশের নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত এবং মার্সেলো কার্লোস সেসা, আর্জেন্টিনার রাষ্ট্রদূত। তাদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি গুরুত্ব ও আন্তর্জাতিক মাত্রা যোগ করে।
আপনার মতামত লিখুন :