মেসির নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে একঝাঁক তরুণ প্রতিভার সমন্বয়ে দল সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মেসির পাশে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো দে পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো নির্ভরযোগ্য তারকারা। এই দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও তুঙ্গে।
চূড়ান্ত স্কোয়াডে কিছু চমকও রেখেছেন স্কালোনি। সবচেয়ে আলোচিত বাদ পড়া তরুণ প্রতিভা ফ্রাংকো মাস্তানতুওনো। অভিজ্ঞদের ভিড়ে আক্রমণভাগে জায়গা হয়নি তার। কাতার ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কোস আকুনিয়াকেও রাখা হয়নি এবারের দলে।
তবে সামগ্রিকভাবে কাতার বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো অক্ষুণ্ন রেখেছেন স্কালোনি। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও জুলিয়ানো সিমিওনের মতো উদীয়মান ও প্রমাণিত ফুটবলারদের মিশেলে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছেন তিনি।
আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ)
ডিফেন্ডার:
লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), গনজালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্সেই), নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)
মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), ভ্যালেন্তিন বার্কো (রেসিং স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এক্সেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)
ফরোয়ার্ড:
হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকো গনজালেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হুয়ান ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)
এই স্কোয়াড নিয়েই ২০২৬ বিশ্বকাপে শিরোপা রক্ষার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনা।
আপনার মতামত লিখুন :