আজতেকায় সংগীতের ঝলকানিতে শুরু ২০২৬ বিশ্বকাপ, শাকিরার গানে উন্মাদনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে আয়োজন করা হয় বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের সূচনালগ্নকে স্মরণীয় করে তুলতে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীদের পরিবেশনা। নানা ঘরানার সংগীতে ভরা এই আয়োজন উপভোগ করেন বিভিন্ন প্রজন্মের দর্শক।
অনুষ্ঠানের সূচনা হয় মেক্সিকান জনপ্রিয় পপ ব্যান্ড মানা-এর পরিবেশনার মাধ্যমে। ১৯৮১ সালে গঠিত ব্যান্ডটি তাদের শক্তিশালী গানে শুরু থেকেই দর্শকদের মাতিয়ে তোলে।
এরপর মঞ্চে ওঠেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান। ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে তিনি পরিবেশন করেন ‘পার্তিদাজো’। ২০০৯ সালে ইউটিউবের মাধ্যমে সংগীতজীবন শুরু করা ড্যানি ওশানকে অনেকেই ভেনেজুয়েলার জাস্টিন বিবার হিসেবে চেনেন।
অনুষ্ঠানে আরও রঙ যোগ করেন কলম্বিয়ান সুপারস্টার জে বালভিন। তিনি কার্ডি বি ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে করা জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এর জন্য বিশ্বজুড়ে পরিচিত।
সবশেষে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বকাপ মানেই যার নাম অনিবার্যভাবে উচ্চারিত হয়, সেই শাকিরা মঞ্চে ওঠেন দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে। বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’ পরিবেশন করে পুরো স্টেডিয়ামকে এক অনন্য আবেশে ভাসিয়ে দেন তিনি।
শাকিরার পরিবেশনার মধ্য দিয়েই শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। সংগীত, আলো ও আবেগের এই আয়োজনের পর ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় মাঠের লড়াই শুরু হওয়ার।
আপনার মতামত লিখুন :