ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭, আহত শতাধিক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।
দেশটির সকসারজেন অঞ্চলে ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি অন্তত ১০ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন।
দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল সোমবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ফিলিপাইনের মিনদানাও দ্বীপে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৬ মাইল গভীরে।
ভূমিকম্পের পরপরই আশপাশের অঞ্চলে এক থেকে ছয় মাত্রার প্রায় ১৪০টি পরাঘাত অনুভূত হয়।
এ ঘটনার পর ফিলিপাইনসহ এশিয়ার কয়েকটি দেশে সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে প্রায় আড়াই কোটি মানুষের বসবাস।
আপনার মতামত লিখুন :