বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের দলে অপ্রত্যাশিত পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল ব্রাজিল জাতীয় ফুটবল দল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রাইট ব্যাক ওয়েসলি। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে ডাকা হয়েছে মিডফিল্ডার এদেরসন-কে।
মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন ওয়েসলি। ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় উরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট ধরা পড়ে। ফলে আসন্ন বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় তার।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে ওয়েসলির চোটের বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা জানিয়ে জানানো হয়, বিশ্বকাপ দলে তার পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে এদেরসনকে।
২৬ বছর বয়সী এদেরসন বর্তমানে ইতালিয়ান ক্লাব আতালান্তা-র হয়ে খেলছেন। শিগগিরই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড-এ যোগ দেওয়ার গুঞ্জনও রয়েছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৫ সালের মার্চে।
ওয়েসলির ইনজুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ওয়েসলি দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে। তবে এদেরসনের অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি।
বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
আপনার মতামত লিখুন :