রাঙামাটি জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ, চেয়ারম্যান দীপন তালুকদার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: সুমন খান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতির পক্ষে উপসচিব মঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ সদস্যের নতুন পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে জেলা পরিষদের চেয়ারম্যান করা হয়েছে। পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ।
নতুন অন্তর্বর্তী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উহ্লাচিং মং মার্মা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাস ও চন্দা চাকমা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর আগে ২০২৪ সালের ৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আগের অন্তর্বর্তী পরিষদ বাতিল করা হয়েছে।
নতুন পরিষদ দায়িত্ব নেওয়ার পর রাঙামাটি পার্বত্য জেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :