মাঠে কে এই সহকারী নারী রেফারি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ইতালিয়ান ফুটবলের নিচের সারির লিগে ম্যাচ পরিচালনা করে আলোচনায় উঠে এসেছেন তরুণী জুলিয়ানা ভিজিলে। মাঠে তিনি সহকারী রেফারি, আর মাঠের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২ লাখ ৩০ হাজারের বেশি, যা ইতালির অনেক ফুটবল ক্লাবের অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ইতালির চেজেনা শহরে জন্ম ও বেড়ে ওঠা জুলিয়ানার। পড়াশোনার শুরু চেজেনার ভিনচেনজো মন্তি ক্লাসিক্যাল হাইস্কুলে। পরে উচ্চশিক্ষার জন্য বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে আন্তর্জাতিক ও কূটনৈতিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন।

পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহ তৈরি হয় জুলিয়ানার। সপ্তাহের ব্যস্ততার পর সপ্তাহান্তে মাঠে নেমে ম্যাচ পরিচালনা করাই হয়ে ওঠে তাঁর নিয়মিত কাজ। ২৩ বছর বয়সী এই তরুণী ইতালিয়ান ফুটবলের আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সুযোগ পান দেশটির চতুর্থ স্তরের প্রতিযোগিতা সিরি ‘ডি’-তে।

জুলিয়ানার পরিচিতি অবশ্য শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তায় সীমাবদ্ধ নয়। ইতালির ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লা স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, মাঠে তাঁর পারফরম্যান্সও নজর কেড়েছে। ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশনের মূল্যায়নকারীরা গত কয়েক বছরে তাঁর ম্যাচ পরিচালনার পারফরম্যান্সে নিয়মিত ভালো নম্বর দিয়েছেন।

মাঠে জুলিয়ানার উপস্থিতি দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি করছে। লা গাজ্জেত্তা দেল্লা স্পোর্তের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি যে ম্যাচগুলোতে দায়িত্ব পালন করেন, সেসব ম্যাচে সাধারণ সময়ের তুলনায় দর্শক উপস্থিতি বেশি দেখা যায়।

ফুটবলের পাশাপাশি মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবক হিসেবেও কাজ করেন জুলিয়ানা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি ফুটবল মাঠের বিভিন্ন মুহূর্তের পাশাপাশি ভ্রমণ, ফ্যাশন ও ব্যক্তিগত জীবনের নানা ছবি ও ভিডিও প্রকাশ করেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পেলেও ফুটবল মাঠের লক্ষ্য থেকে সরে যাননি জুলিয়ানা। তাঁর স্বপ্ন একদিন ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায় সিরি ‘এ’-তে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া। সেই লক্ষ্যে মাঠের পারফরম্যান্স ও ধারাবাহিক মূল্যায়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন এই তরুণী রেফারি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ