পিতার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
এই কর্মসূচির বিশেষ তাৎপর্য হলো, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক যে স্থান থেকে পাতলী খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই একই স্থান থেকেই পুনঃখনন কার্যক্রম শুরু করেন। ইতিহাস অনুযায়ী, ওই বছরের নভেম্বর মাসে স্থানীয় মানুষের কৃষিকাজ ও পানি নিষ্কাশনের সুবিধার্থে জিয়াউর রহমান এই খাল খননের উদ্যোগ নেন এবং সেখানে একটি খেজুর গাছ রোপণ করেন, যা প্রায় ৪৮ বছর ধরে স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার সফর। সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দিনব্যাপী প্রায় ১২ ঘণ্টার এই সফরে তিনি মোট ১১টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
পাতলী খালের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী স্থানীয়দের উদ্দেশে এক পথসভায় বক্তব্য দেন। এরপর তার সফরসূচিতে রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণ, জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। সফরের শেষ ভাগে তিনি চকরিয়ায় এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কক্সবাজার জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, পাতলী খাল পুনঃখননের মাধ্যমে কৃষি, পানি নিষ্কাশন ও এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে।
আপনার মতামত লিখুন :