বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহ তুরস্কের শীর্ষ টেক্সটাইল প্রতিষ্ঠান সানকোর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো (Sanko)। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার (৩০ কোটি ডলার) বিনিয়োগে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র (ইন্টিগ্রেটেড টেক্সটাইল ফ্যাসিলিটি) স্থাপনের পরিকল্পনা করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানানো হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।
বৈঠকে সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কারণে তারা স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে আগ্রহী। বর্তমানে প্রতিষ্ঠানটি তুরস্ক থেকে বিভিন্ন টেক্সটাইল পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের দক্ষ শ্রমশক্তি, সম্ভাবনাময় বাজার এবং শক্তিশালী রপ্তানি সক্ষমতা তাদের এ বিনিয়োগে উৎসাহিত করেছে।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের (ভ্যালু অ্যাডেড) টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এর ফলে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের সক্ষমতা আরও শক্তিশালী হবে।
সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রেতা রয়েছে। স্থানীয় উৎপাদন শুরু হলে নতুন বৈশ্বিক ক্রেতাদেরও বাংলাদেশমুখী করা সম্ভব হবে। পাশাপাশি দেশের বিদ্যমান টেক্সটাইল কারখানাগুলো প্রযুক্তি, দক্ষতা ও বাজার সম্প্রসারণের সুযোগ পাবে।
প্রতিষ্ঠানটি জানায়, প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন এবং অংশীদারদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন, গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে আগামী কয়েক মাসের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করা হবে। নির্মাণকাজ শুরুর ১২ থেকে ১৮ মাসের মধ্যে উৎপাদন কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে সানকোর পক্ষ থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি, গ্যাস সংযোগ, বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন দ্রুত নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রাখতে পরিবেশবান্ধব প্রযুক্তি ও কয়লাবিহীন টেকসই জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিনিধিরা বলেন, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে শুধু নতুন কর্মসংস্থানই সৃষ্টি হবে না, বরং বাংলাদেশের বস্ত্রশিল্প সাধারণ উৎপাদন থেকে উচ্চমূল্যের পণ্য উৎপাদনের দিকে আরও এগিয়ে যাবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হবে।
বৈঠকে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে সানকোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, সানকোর এই বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে নতুন প্রযুক্তির সংযোজন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পখাতে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
আপনার মতামত লিখুন :