টেকনাফে নাফ নদীর পোল্ডার প্রকল্পে প্রশ্ন, নতুন করে কাজের আশ্বাস


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধ :

কক্সবাজারের টেকনাফে নাফ নদী বরাবর পোল্ডার পুনর্বাসন প্রকল্প নিয়ে স্থানীয় সুবিধাভোগী ও জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নয়ন ও নাফ নদীর পোল্ডার (৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮) পুনর্বাসন (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।

মতবিনিময় সভায় মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হলেও তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রকল্পটি বারবার সংশোধন করা হয়েছে এবং অতিরিক্ত বরাদ্দের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, ‘প্রকল্পটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বসে থাকলে চলবে না, এটিও শেষ করতে হবে।’

মন্ত্রী জানান, সীমান্ত নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ ও নাফ নদী খননকে অগ্রাধিকার দিয়ে কারিগরি সমীক্ষা করা হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্পটি নতুনভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় জনগণ পোল্ডার ও বেড়িবাঁধের বিভিন্ন সমস্যা, জলাবদ্ধতা, ভাঙন এবং দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। পরে পানিসম্পদ মন্ত্রী শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ