পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় জেলা প্রশাসন কতৃক আয়োজিত ৫ আগষ্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান সু-সম্পন্ন হয়েছে। পঞ্চগড়ের পাঁচ শহীদের স্মরণে নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণের উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন পঞ্চগড় , পুলিশ সুপার পঞ্চগড় , জেলা বিএনপির নেতৃবৃন্দ,জুলাই যোদ্ধা এসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাভোকেট আদম সুফি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে,পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় নির্মিত ‘শহীদ স্মৃতিবন’-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মেলন ও আলোচনা সভা’।আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করে শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।
দিবসের অংশ হিসেবে বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে মাঠে জেলা প্রশাসনের আয়োজন ‘জুলাই দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। সন্ধ্যায় আয়োজন রয়েছে ‘জুলাই বিজয় উদযাপন কনসার্ট’-এর। দিবসব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে পঞ্চগড়বাসী শ্রদ্ধাভরে স্মরণ করেছে ২০২৪ সালের সেই সাহসী সন্তানদের, যাঁরা অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন।
আপনার মতামত লিখুন :