কোরবানির হাটে রাজকীয় গরুর আগমন, দাম যাচাইয়ে ব্যস্ত ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
আর মাত্র কয়েক দিন পরেই ঈদুল আজহা। এর মধ্যেই কোরবানির আমেজ ছড়িয়ে পড়তে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলোতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশাল আকৃতির গরুতে ভরে উঠছে হাট। আকৃতির পাশাপাশি গরুগুলোর নামও নজর কাড়ছে ক্রেতাদের। সুলতান, রাজা, বাদশা কিংবা লালবাহার নামের গরুগুলোকে ঘিরে বাড়তি কৌতূহল দেখা যাচ্ছে হাটজুড়ে।
আজ শনিবার (২৩ মে) থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীর কোরবানির পশুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। যদিও শুরুর দিনে বিক্রি তুলনামূলক কম, তবু ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বেশিরভাগই এখন হাটে হাটে ঘুরে দাম যাচাই করছেন, পছন্দের পশু খুঁজে দেখছেন।
ব্যাপারীরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে ক্রেতার চাপ। তখনই জমে উঠবে মূল বেচাকেনা। এবার বাজার ভালো যাবে এমন প্রত্যাশাও করছেন তারা। অনেক বিক্রেতাই জানান, পশুর খাবার ও পরিবহন খরচ বেড়েছে, তাই ন্যায্য দাম পাওয়ার দিকেই তাদের নজর।
হাটকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে ইজারাদাররা নিয়েছেন নানা প্রস্তুতি। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে, বসানো হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি প্রতারক চক্র ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সব মিলিয়ে ঈদ সামনে রেখে ধীরে ধীরে জমে উঠছে ঢাকা-র কোরবানির হাট। এখন শুধু অপেক্ষা, শেষ সময়ের ব্যস্ততা আর দরদাম নিয়ে জমজমাট বেচাকেনার।
আপনার মতামত লিখুন :