বান্দরবানের রোয়াংছড়িতে যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

​চিংনুমং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি : 

তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা যুবদল-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বেক্ষ্যং জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। খেলাধুলার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মাঠমুখী করতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন উপজেলা যুবদলের সভাপতি লুপ্রু মং মারমা, সাধারণ সম্পাদক নয়ন্ত সেন এবং যুবদল নেতা মংক্যওয়াই মারমা। এ সময় উপজেলা ও স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ফুটবল বিতরণকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করতে এবং শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখতে।

নেতৃবৃন্দ আরও জানান, বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী-এর দিকনির্দেশনায় এলাকায় একটি সচেতন ও সুস্থ যুবসমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। মাদকমুক্ত সমাজ গঠনে এবং তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উপজেলা যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তরুণদের জন্য এমন কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ