ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না। তবে পরিচালনাসংক্রান্ত চুক্তিসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে সীমিত পরিসরে টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার (২০ জুলাই) বিকেলে বেবিচকের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি বলেন, থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্প বাস্তবায়নে নেওয়া ঋণের কিস্তি পরিশোধও শুরু হয়েছে। এ কারণে সরকার আগামী ডিসেম্বর থেকেই টার্মিনালটি চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
তবে তিনি জানান, টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কোম্পানিগুলোর কনসোর্টিয়ামের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। বিষয়টি নিয়ে মন্ত্রী পর্যায়ে একাধিক দফা বৈঠক হলেও সমঝোতা চূড়ান্ত করা সম্ভব হয়নি।
বেবিচক চেয়ারম্যানের আশা, আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরিচালনাসংক্রান্ত চুক্তি সম্পন্ন হতে পারে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে সীমিত পরিসরে থার্ড টার্মিনালের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।
থার্ড টার্মিনাল চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা, লাগেজ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আপনার মতামত লিখুন :