দিল্লি বিমানবন্দরে জটিলতা, সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে ডা. জাহেদ উর রহমান ভারতের নয়াদিল্লি থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নিতে তিনি ঢাকা থেকে দিল্লি যান। সফরের শুরুতেই সেখানে তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদার তথ্য উপদেষ্টা হিসেবে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও তিনি রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি পৌঁছান।
বিমানবন্দরে নামার পরই ভারতের নজরদারি তালিকার অজুহাতে তাকে আটকে রাখা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর একপর্যায়ে তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং সফর বাতিল করে পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
পরে পরিস্থিতি অনুধাবন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রটোকল রক্ষার কথা বিবেচনা করে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন ডা. জাহেদ উর রহমান।
ঘটনাটি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে সরকারিভাবে এখনো বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :