টাঙ্গুয়ার হাওরে কারানির্যাতিত নেতাদের সম্মান, উদ্যোগে এমপি কামরুজ্জামান কামরুল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অবদান রাখা কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মান জানাতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল-এর উদ্যোগে টাঙ্গুয়ার হাওরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী দিনব্যাপী আনন্দ ভ্রমণ।
সম্প্রতি আয়োজিত এ ভ্রমণে তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার কারানির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা হাওরের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আন্দোলন-সংগ্রামের নানা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক ঐক্য আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভ্রমণকালে টাঙ্গুয়ার হাওর-এর পাড়ে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা কারানির্যাতন, মামলা-হামলা ও নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন, তাদের অবদান কখনো ভোলার নয়। সেই আত্মত্যাগের স্বীকৃতি দিতেই এই আয়োজন। তিনি আরও বলেন, ত্যাগী নেতাকর্মীরাই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। তাদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান **আনিসুল হক**সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় আনিসুল হক বলেন, নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অবহেলিত হাওরাঞ্চলের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতাই তাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনের উন্নয়ন ও জনগণের কল্যাণে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করা সময়ের দাবি।
দিনব্যাপী এই আনন্দ ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। ব্যতিক্রমধর্মী এ আয়োজন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নেতাকর্মীদের মতে, এমন উদ্যোগ ত্যাগী কর্মীদের অনুপ্রাণিত করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও সাংগঠনিক ঐক্যকে আরও শক্তিশালী করবে।
আপনার মতামত লিখুন :