বহর সম্প্রসারণে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ইউএস বাংলা, যুক্ত হবে ২১ বোয়িং
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস বহর সম্প্রসারণে প্রায় ১৪ হাজার কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনার আওতায় বহরে যুক্ত হবে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ। পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানটির মোট উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৬টিতে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঠানো ইউএস-বাংলার এক চিঠিতে এ বিনিয়োগ পরিকল্পনার তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বিশ্বের শীর্ষস্থানীয় পাঁচটি এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠানের কাছ থেকে লিজের মাধ্যমে নতুন উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে। ২০২৭ সালের মধ্যে পুরো প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে ইউএস-বাংলা।
নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এসব বিমানবন্দর থেকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে।
আগামী ২৯ জুলাই রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ বিনিয়োগ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, আন্তর্জাতিক এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এভিয়েশন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
ইউএস-বাংলা জানিয়েছে, এই উদ্যোগ শুধু উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর প্রকল্প নয়; এটি বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে অন্যতম বড় বিনিয়োগ উদ্যোগ।
প্রস্তাবিত নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজগুলোতে থাকবে আধুনিক কেবিন সুবিধা, প্রিমিয়াম সিট, ওয়্যারলেস ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম এবং ইন-ফ্লাইট ওয়াই-ফাই সুবিধা। এর মাধ্যমে যাত্রীরা আকাশপথে ভ্রমণের সময় ইন্টারনেট ব্যবহার, বার্তা আদান-প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সুবিধা নিতে পারবেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হবে। এর ফলে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান গন্তব্যগুলোতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
প্রতিষ্ঠানটির আশা, নতুন বিনিয়োগের ফলে পাইলট, প্রকৌশলী, কেবিন ক্রু ও কারিগরি জনবলসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের পর্যটন, বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক প্রভাব পড়বে।
বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ১০টি এটিআর ৭২-৬০০ এবং ৩টি অন্যান্য উড়োজাহাজ। নতুন ২১টি বোয়িং যুক্ত হলে বহরের আকার বেড়ে হবে ৪৬টি।
বর্তমানে দেশের অভ্যন্তরীণ রুটের পাশাপাশি কলকাতা, চেন্নাই, মালে, মাসকাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও চীনের গুয়াংজুসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
আপনার মতামত লিখুন :