বাংলাদেশ–কাতার যৌথ কমিটির বৈঠক, দক্ষ কর্মী নিয়োগে জোর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে বাংলাদেশ ও কাতারের ৭ম যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি অংশ নেন।

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের পাঁচটি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকের শুরুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কাতারের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় ধন্যবাদ জানান। তিনি বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ–কাতার সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

তিনি আরও উল্লেখ করেন, কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য মানবিক উদ্যোগ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসায় কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টি তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

মন্ত্রী জানান, কাতার বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার, যেখানে প্রায় ৪ লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন। ২০২৩ সালে ১,০৭,৫৯৮ জন কর্মী কাতারে গেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি কাতারগামী কর্মীদের সুবিধার্থে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের অনুরোধ জানান। পাশাপাশি দেশের ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান।

বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক কাতারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন, খতিব ও ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।

অন্যদিকে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি বাংলাদেশি কর্মীদের দক্ষতার প্রশংসা করেন। তিনি জানান, বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি কর্মী কর্মরত আছেন, যার ৩০ শতাংশ উন্নয়ন খাতে নিয়োজিত।

তিনি আরও জানান, অদক্ষ কর্মীদের দক্ষ করে তুলতে কাতারে ইতোমধ্যে দুটি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। বাংলাদেশের বিভাগীয় শহরে ভিসা সেন্টার বাড়ানোর প্রস্তাবটি তিনি কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাঈদ আল-কাহতানি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলামসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ