পদত্যাগ নয়, বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল।
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, নির্বাচনে প্রার্থী হতে গিয়ে তিনি সভাপতির পদ ছাড়তে পারেন। তবে মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম স্পষ্ট জানিয়ে দেন, তিনি এমন কোনো সিদ্ধান্ত নেননি।
তিনি বলেন, পদত্যাগের বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে কখনো ভাবেননি। পাশাপাশি আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কথাও নিশ্চিত করেছেন সাবেক এই অধিনায়ক। গঠনতন্ত্র অনুযায়ী যা অনুমোদিত, সেটিই তিনি অনুসরণ করবেন বলে জানান।
তামিম আরও বলেন, শুরু থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে আসছেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তার ভাষায়, তাদের অধীনে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
আগামী জুনের মধ্যেই বিসিবির নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, আগামী রবিবার (৩ মে) বিসিবির সভায় নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি করা হয় তামিম ইকবালকে।
এই কমিটির প্রধান দায়িত্ব হলো ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা, অর্থাৎ আগামী ৬ জুনের মধ্যেই বিসিবির নির্বাচন সম্পন্ন করতে হবে।
আপনার মতামত লিখুন :