পঞ্চগড়ে ব্যবহারিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ, কেন্দ্র সচিবের বিরুদ্ধে তদন্তের আশ্বাস


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে গোপনে অনৈতিক সুবিধা নিয়ে একজন পরীক্ষার্থীর তিনটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগের ঘটনাটি ঘটে গত ৭ জুন জগদল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে, যা পঞ্চগড় সদর উপজেলা–এর অন্তর্ভুক্ত। অভিযোগ অনুযায়ী, সদর উপজেলার অমরখানা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী তনুশ্রী দত্ত (রোল নম্বর ২৬৫০২২) নির্ধারিত সময়ের বাইরে এককভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা দেন।

খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রটিতে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ ছিল ৮ ও ৯ জুন। কিন্তু একদিন আগে ৭ জুন গোপনে পরীক্ষাটি নেওয়া হয়। অভিযোগ রয়েছে, কেন্দ্র সচিব আনিসুর রহমান অনৈতিক সুবিধা নিয়ে দায়িত্বরত শিক্ষকদের অনুপস্থিতিতে শুধু বিদ্যালয়ের ল্যাব সহকারী মিজানুর রহমান–এর তত্ত্বাবধানে বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষে এককভাবে এই পরীক্ষা সম্পন্ন করেন। পরে নির্ধারিত ৯ জুন তারিখে পরীক্ষার্থীর উপস্থিতি দেখিয়ে স্বাক্ষরও করা হয় বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্র সচিব আনিসুর রহমান বলেন, পরীক্ষার্থীর বাবা ও তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তিনি দাবি করেন, কোনো আর্থিক লেনদেন হয়নি, শুধু পরীক্ষার্থীর বাবা চা-নাস্তার ব্যবস্থা করেছিলেন। তবে এককভাবে পরীক্ষা দেওয়ার বিষয়ে পরীক্ষার্থীর কোনো লিখিত আবেদন দেখাতে পারেননি তিনি।

এ বিষয়ে লুৎফুল কবির মো. কামরুল হাসান, পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জানান— বিষয়টি তিনি অবগত হয়েছেন। তিনি বলেন, নীতিমালা অনুযায়ী এককভাবে কোনো পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে লিখিত আবেদন থাকা বাধ্যতামূলক। প্রকৃত ঘটনা তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় শিক্ষা প্রশাসনের ভূমিকা ও পরীক্ষা কেন্দ্রের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ