প্রবাসী আয়ে চাঙ্গা অর্থনীতি, ৫ দিনেই দেশে এলো ৬০২ মিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
আগস্টের প্রথম পাঁচ দিনেই দেশে এসেছে ৬০২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৩৪৪ কোটি ৪০ লাখ টাকার সমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর ধারা অব্যাহত থাকায় চলতি মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা যাচ্ছে।
এর আগে সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে ২ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার।
গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের ৫ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত হওয়ার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
আপনার মতামত লিখুন :