নিষিদ্ধ মৌসুমে কাপ্তাই লেকে অভিযানে বিপুল জাল ও চারটি নৌকা জব্দ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: সুমন খান, রাঙামাটি  প্রতিনিধি: 

নিষিদ্ধ মৌসুমে অবৈধ মাছ শিকার ঠেকাতে রাঙামাটির কাপ্তাই লেকে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপশাখা ও নৌ পুলিশ। অভিযানে ২০ হাজার বর্গফুট অবৈধ জাল এবং চারটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই লেকের বিলাইছড়ি উপজেলার গাছকাটা ছড়া ও হাজাছড়া এবং রাঙামাটি সদর উপজেলার গবঘোনা ও বাঘছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিএফডিসি কাপ্তাই উপশাখার উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, চলতি বছরের ২৪ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই লেকে তিন মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে একটি অসাধু চক্র অবৈধভাবে মাছ শিকার করছিল।

অভিযানে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল এবং চারটি কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, কাপ্তাই লেকের মাছের প্রজনন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর রাখা জরুরি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ