রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: মানসুরুল হক রবিন,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় চরপুমদী হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বৃহস্পতিবার সকালে মরহুমের মরদেহ বিদ্যালয় মাঠে আনা হলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। এ সময় জাতীয় পতাকায় মরদেহ আচ্ছাদিত করা হয় এবং শেষবারের মতো অস্ত্রের স্যালুট জানানো হয়।
জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এ সময় মরহুমের স্মৃতিচারণ করেন হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, মো. সিরাজুল ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন সাহসী ভূমিকার জন্য তিনি এলাকায় একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। স্বাধীনতার পর সরকারি চাকরিতে যোগ দিয়ে দীর্ঘদিন হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে তিনি আন্তরিক ছিলেন। তার সততা, মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।
তিনি আরও বলেন, "মো. সিরাজুল ইসলাম ছিলেন একজন আদর্শ মুক্তিযোদ্ধা ও জনবান্ধব সরকারি কর্মকর্তা। তার মৃত্যুতে হোসেনপুর একজন দেশপ্রেমিক ও সৎ মানুষকে হারালো। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, "একজন বীর মুক্তিযোদ্ধা ও সৎ সরকারি কর্মকর্তাকে আমরা হারালাম। তার দেশপ্রেম, সততা ও অবদান হোসেনপুরবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আপনার মতামত লিখুন :