শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি, বাংলাদেশের সিদ্ধান্তে নজর ভারতের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে বলে যে খবর প্রকাশ হয়েছে, সে বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে কিছু জানায়নি বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে ভারতের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল। এ সময় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি, মক্কা প্রতিরক্ষা চুক্তি এবং গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
সংবাদ সম্মেলনে এএনআইয়ের এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, তাঁরা এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন দেখেছেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ভারতকে কিছু জানানো হয়নি। একই সঙ্গে ভারতের নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে। এসব চুক্তিতে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো শর্ত রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। পর্যালোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন চিফ হুইপ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে হিন্দু পরিবারগুলোকে লক্ষ্য করে হামলার খবর নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশ সরকারের।
পাকিস্তান ও কুয়েতের সামরিক সহযোগিতা এবং বাংলাদেশের প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন সব বিষয় তারা নজরে রাখছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও জানতে চান সাংবাদিকেরা। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারত বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গঙ্গার পানি বণ্টনসহ দুই দেশের পানি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য যৌথ নদী কমিশন রয়েছে। পানি নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক নিয়মিত হচ্ছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :