জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। মামলার বাদী জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

বাদীপক্ষ জানায়, মামলার সমন জারির পরও নির্ধারিত দিনে আদালতে হাজির হননি আমির হামজা। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন আমির হামজা। ওই বক্তব্যে তাকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে আখ্যায়িত করা হয়।

এ ঘটনার পর বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হলে আদালতে মামলাটি গ্রহণ করা হয় এবং সর্বশেষ গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ