নেপালে তুষারধস-বন্যায় নিখোঁজ ৩৮৪ পর্যটক, নিহত ১৭ জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
নেপালে ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিকও রয়েছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।
বোর্ড জানিয়েছে, নিখোঁজ পর্যটকদের সন্ধানে সীমান্তের উভয় পাশে জোরদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত ও ওই অঞ্চল দিয়ে ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা এবং বর্তমান অবস্থান নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে তুষারধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সিএনএস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপাল পুলিশ জানিয়েছে, দেশটির নুওয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল অভিযান অব্যাহত রেখেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। নিখোঁজ পর্যটকদের অবস্থান শনাক্ত করে দ্রুত নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :