ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুরুর সম্ভাবনা : ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুক্রবারের মধ্যেই শুরু হওয়া সম্ভব। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট-এর বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই আলোচনার নতুন পর্ব শুরু হতে পারে। এ বিষয়ে ট্রাম্পের মন্তব্য জানতে চাইলে খুদে বার্তায় তিনি সংক্ষেপে বলেন, “এটা সম্ভব!”
এদিকে বুধবার সন্ধ্যায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানকে একটি ‘ঐক্যবদ্ধ প্রস্তাব’ দেওয়ার সুযোগ তৈরি করতেই যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছে।
এর আগে যুদ্ধবিরতির জন্য দুই সপ্তাহের একটি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হলেও এবারের ঘোষণায় কোনো নির্দিষ্ট শেষ তারিখ জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
তবে শান্তি আলোচনায় এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এর মধ্যে রয়েছে—ইরান ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাতে পারবে কি না, তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ কী হবে এবং দেশটির ওপর আরোপিত কোন কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কি না, তা নির্ভর করছে উভয় পক্ষ আলোচনায় কতটা ছাড় দিতে প্রস্তুত তার ওপর।
আপনার মতামত লিখুন :