বেইজিংয়ে শীর্ষ বৈঠকে তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং–এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল–এ শীর্ষ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করে চীন সরকার।
বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৩টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। এসব চুক্তি দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানান, তিস্তা নদীকে ঘিরে বাংলাদেশের একটি মহাপরিকল্পনা রয়েছে, যা বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে প্রণীত। এই মহাপরিকল্পনার পরিকল্পনা পর্যায় থেকে বাস্তবায়ন পর্যন্ত চীন ধারাবাহিকভাবে কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, এত বড় প্রকল্প বাস্তবায়নের জন্য যৌথ সম্ভাব্যতা সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে চীন বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। পাশাপাশি টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ও আধুনিক ড্রেনেজ সিস্টেমে চীনের অভিজ্ঞতা নদীমাতৃক বাংলাদেশে কাজে লাগানোর বিষয়ে উভয় সরকার একমত হয়েছে।
মাহদী আমিন আরও জানান, চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। বর্তমানে চীন থেকে বাংলাদেশের আমদানির তুলনায় রপ্তানি অনেক কম। এই ব্যবধান কীভাবে কমানো যায় এবং চীনে বাংলাদেশের রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়েও বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই সফর ও বৈঠক বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করবে এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
আপনার মতামত লিখুন :