এফআইআর স্থগিত, আইনি লড়াইয়ে আপাতত স্বস্তি পেলেন মিমি চক্রবর্তী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
আইনি জটিলতায় আপাতত বড় স্বস্তি পেলেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরের কার্যকারিতা স্থগিত করেছেন কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, এই মুহূর্তে মিমির বিরুদ্ধে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না।
বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ অন্তর্বর্তী এই নির্দেশ দেন। বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে আয়োজক তনয় শাস্ত্রীর সঙ্গে বিরোধ থেকেই এ মামলার সূত্রপাত হয়।
ঘটনাটি ঘটে চলতি বছরের জানুয়ারিতে। অভিযোগকারী তনয় শাস্ত্রীর দাবি, অনুষ্ঠানে মিমি চক্রবর্তীর উপস্থিত থাকার কথা ছিল রাত সাড়ে ১০টায়। তবে তিনি পৌঁছান রাত পৌনে ১২টার দিকে। প্রশাসনের নির্ধারিত সময়সীমা থাকায় অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ করতে হয়। তনয়ের অভিযোগ, বিষয়টি মঞ্চে জানানো হলে অভিনেত্রী অপমানিত বোধ করেন এবং পরে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন।
এই বিরোধ থেকেই বিষয়টি আইনি রূপ নেয়। দোল উৎসবের আগে, গত ২ মার্চ বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি মামলা করেন তনয় শাস্ত্রী। অভিযোগকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তখন জানান, মানহানি মামলায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি ফৌজদারি মামলাও করা হয়। অভিযোগে বলা হয়, নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠানস্থলে পৌঁছেও মিমি ২ লাখ ৬৫ হাজার রুপি পারিশ্রমিক নিয়েছেন।
আইনজীবীর আরও দাবি ছিল, অভিনেত্রীর আচরণ পেশাদার ছিল না এবং অকারণে দোষ চাপানো হয়েছে আয়োজকের ওপর। এমনকি মিথ্যা অভিযোগের জেরে তনয় শাস্ত্রীকে সংশোধনাগারে যেতে হয়েছে বলেও অভিযোগ করা হয়।
তবে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তী নির্দেশে আপাতত আইনি স্বস্তি পেলেন মিমি চক্রবর্তী। এই রায়ের পর এখন পর্যন্ত তনয় শাস্ত্রীর পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :