দেবীগঞ্জে শিশুর মৃত্যু, তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি পুলিশ সদস্য


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন ফরিদুল ইসলাম নামে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্য। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এশিয়ান মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে পাপরী রানী রায় নামে ছয় বছর বয়সী এক শিশু ট্রাক চাপায় নিহত হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভও চালানো হয়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জে কর্মরত তিনজন ডিএসবি সদস্য ঘটনাস্থলে যান। তাদের মধ্যে দুইজন মরদেহের কাছে থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করলেও ফরিদুল ইসলাম ট্রাকটি যেখানে আটক রাখা হয়েছিল সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সড়ক অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা আরেকটি ট্রাক ভাঙচুরের চেষ্টা করলে ফরিদুল ইসলাম দূর থেকে ছবি তোলেন এবং থানার ডিউটি অফিসারকে ফোনে পরিস্থিতি জানান। এ সময় স্থানীয় ইউপি সদস্য সন্তোষ রায়ের ভাইয়ের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক তার ওপর হামলা চালায়। তারা তাকে মারধর করে এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

স্থানীয়রা জানান, ফরিদুল ইসলাম নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দুর্ঘটনার তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন বলে জানালেও হামলাকারীরা তা উপেক্ষা করে তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ফরিদুল ইসলামকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বপূর্ণ সাহা জানান, রাত ১০টা ২০ মিনিটে ফরিদুল ইসলামকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথাতেও আঘাত পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আহত ডিএসবি সদস্য ফরিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো বক্তব্য দিতে পারবেন না।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ