ঘরের কাজ নিয়ে প্রচলিত ধারণার বিরুদ্ধে প্রিয়াঙ্কা চোপড়ার বার্তা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
ঘরের কাজকর্ম কেবল নারীদের দায়িত্ব- এই প্রচলিত সামাজিক ধারণার বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিলেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বখ্যাত কান লায়ন্স উৎসবে দেওয়া বক্তব্যে তিনি বলেন, রান্না করা বা ঘর পরিষ্কার করা কোনো নির্দিষ্ট লিঙ্গের কাজ নয়। এগুলো প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সাধারণ জীবনদক্ষতা।
প্রিয়াঙ্কা বলেন, এখনো অনেক পরিবারে ঘরের দৈনন্দিন কাজকে নারীর একক দায়িত্ব হিসেবে দেখা হয়, যা একেবারেই সঠিক নয়। তার ভাষায়, পরিষ্কার করা বা রান্না করা মেয়েদের কাজ নয়- এগুলো দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক কর্তব্য।
একই আলোচনায় তিনি বিশ্বজুড়ে চলচ্চিত্র শিল্পের পরিবর্তন নিয়েও কথা বলেন। প্রযুক্তির উন্নতির ফলে এখন সিনেমা নির্মাণ অনেক সহজলভ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে ইন্ডাস্ট্রিতে ঢোকা কঠিন ছিল। এখন ভালো আইডিয়া থাকলে যে কেউ তা শুট করে অনলাইনে প্রকাশ করতে পারে, যা ভবিষ্যতে বড় পর্দার সিনেমায় রূপ নিতে পারে। বিনোদন জগতে কাজ করার জন্য বর্তমান সময়কে তিনি সবচেয়ে অনুকূল সময়গুলোর একটি বলে মন্তব্য করেন।
দীর্ঘ আট বছর পর ভারতীয় সিনেমায় বড় পরিসরে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘বাহুবলী’ ও ‘আরআরআর’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলি-এর পরিচালনায় সর্বভারতীয় চলচ্চিত্র ‘বারাণসী’-তে অভিনয় করবেন তিনি। এই মেগা প্রজেক্টে তার সহশিল্পী হিসেবে থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
প্রায় এক হাজার কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র হতে যাচ্ছে। ছবিটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :