মন্ত্রীত্ব হারানোর পরও রাজকীয় সংবর্ধনা দীপেন দেওয়ানকে, ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাঙ্গামাটি প্রতিনিধি :
মন্ত্রীত্ব হারানোর এক মাস পর রাজকীয় অভ্যর্থনায় নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে ফিরেছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার আর কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
বুধবার (১ জুলাই) বিকেলে রাঙ্গামাটি শহরের কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে ঢাকা থেকে সড়কপথে রাঙ্গামাটিতে পৌঁছালে জেলার প্রবেশদ্বার কাউখালীর বেতবুনিয়া গোদারপাড়, বাবার বাগান এলাকা ও ঘাগড়ায় হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান। পরে মোটর শোভাযাত্রা নিয়ে বিকেল চারটার দিকে তিনি শহরের দলীয় কার্যালয়ে পৌঁছান।
সমাবেশে দীপেন দেওয়ান বলেন, বিএনপিকে নিয়ে দীর্ঘদিন ধরেই ষড়যন্ত্র চলছে। তৃণমূল নেতাকর্মীরাই দলের মূল শক্তি ও প্রাণ উল্লেখ করে তিনি বলেন, তিনি সবসময় তৃণমূলের পাশেই আছেন এবং থাকবেন। এখনও তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের ভেতরে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্যের কথা তুলে ধরে তিনি বলেন, তারেক রহমান বিএনপির নেতা ও সম্মানিত চেয়ারম্যান। তার নির্দেশনাই দলের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত।
এ সময় তিনি পাহাড়ি ও বাঙালিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির এবং রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন পার্বত্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১০২ দিনের মাথায় তার পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পদত্যাগের পর এক মাস তিনি ঢাকায় অবস্থান করলেও জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নেন।
এক মাস পর নিজ এলাকায় ফিরে নেতাকর্মীদের এমন ব্যাপক সংবর্ধনা পাওয়ায় রাঙ্গামাটি বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও চাঙ্গাভাব সৃষ্টি হয়েছে। দলীয় নেতাদের মতে, দীপেন দেওয়ানকে কেন্দ্র করেই রাঙ্গামাটিতে বিএনপি সুসংগঠিত রয়েছে, আর এই অভ্যর্থনাই তার প্রমাণ।
আপনার মতামত লিখুন :