ইউএনজিএর ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে তিনি অংশ নেন।

এর আগে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতঃরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ প্রাতঃরাশের আয়োজন করা হয়। সেখানে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রা সহকারে তাঁকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতা-কর্মীরাও বিভিন্ন কর্মসূচি পালন করেন। বিমানবন্দর ও হোটেলের আশপাশে ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর মোটর শোভাযাত্রা অতিক্রমের সময় তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় উপস্থিত নেতা-কর্মী ও প্রবাসীদের।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো এই স্বাগত প্রাতঃরাশ ও উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণের মধ্য দিয়ে। অধিবেশনের ফাঁকে তাঁর একাধিক দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠক রয়েছে। কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনা, জাতীয় স্বার্থ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারের বিষয় তুলে ধরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা রয়েছেন। নিউইয়র্ক সফরকালে জাতিসংঘের কর্মসূচির পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক ও অর্থনৈতিক কূটনীতি-সংক্রান্ত বিভিন্ন আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ