বিশ্বকাপ ঘিরে সহিংসতায় ১০ প্রাণহানি, সংযমের আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানির তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে খেলাকে আনন্দের মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত একটি বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। এ সময় সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের একটি বেসরকারি প্রস্তাবের ওপরও আলোচনা হয়।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, "পুরো বাংলাদেশ এখন ফিফা বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত। দেশের যুবসমাজ এলাকায় এলাকায় ফুটবল নিয়ে উৎসবে মেতে আছে। কিন্তু দুঃখজনকভাবে বিশ্বকাপকে কেন্দ্র করে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।"
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "খেলা আনন্দের বিষয়। এটি নিয়ে তর্ক-বিতর্ক, সমর্থকদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস থাকবে। তবে সেই উন্মাদনা যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়।"
মো. আমিনুল হক আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। বর্তমানে ব্রাজিলের বিদায়ের কারণে অনেক সমর্থক হতাশ হলেও, এই প্রতিদ্বন্দ্বিতা যেন কেবল আনন্দ ও খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে আর কোনো প্রাণহানি বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :