ডেঙ্গু ও হাম প্রতিরোধে আমতলীতে দিনব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জাকিয়া সুলতানা, বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন-এ ডেঙ্গু ও হাম রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছে ছোনাউটা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা। রোববার (১৪ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে লিফলেট বিতরণ, গণসচেতনতামূলক প্রচারণা এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পেইনে সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার রজনীর নেতৃত্বে উপদেষ্টা নিজাম উদ্দিন হাওলাদার, জমির উদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক রাজিব হাওলাদারসহ সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু ও হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেন।
আয়োজকরা জানান, বরগুনা জেলা বর্তমানে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হওয়ায় সচেতনতা বাড়ানো জরুরি। এ কারণে মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির আঙিনা, ডোবা-নালা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু ও হাম প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে এসব রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতে ইউনিয়নভিত্তিক আরও বিস্তৃত পরিসরে এমন সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণাও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আবু রাসেল হাওলাদারের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গড়তে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :