কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তের এপারে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি নাগরিকের পায়ে গুলি লাগে। ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পাল্টা ফায়ার করে।

তবে গুলিবিদ্ধ ব্যক্তির নাম-পরিচয়, কী পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ৪৭ বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারি ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ জন্য সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ