গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব : রাষ্ট্রপতি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে কোনোভাবেই অবহেলায় হারানো যাবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষা, রক্তপাত এবং সন্তানদের প্রাণের বিনিময়ে দীর্ঘদিনের লড়াইয়ের পর একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন আন্তর্জাতিকভাবেও অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকার দ্রুততার সঙ্গে দেশকে একটি ভগ্নস্তূপ থেকে পুনর্গঠনের চেষ্টা করছে। ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়ানোর এই প্রচেষ্টাকে তিনি ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করেন।

গণতন্ত্র রক্ষার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব।’ সরকারি দল ও বিরোধী দলের প্রধান দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা।

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে আলোচনার মাধ্যমে এসব মতপার্থক্যের সমাধান করা সম্ভব। পারস্পরিক আলোচনা ও সমঝোতার মধ্য দিয়েই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

আগামী দিনের করণীয় তুলে ধরে তিনি বলেন, অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ লড়াই করেছে। এখন দেশের পুনর্গঠন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকার অর্থে বাসযোগ্য দেশ গড়ে তোলাই হবে সামনের দিনের বড় লড়াই।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ অতীতে বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং বিভিন্ন সময়ে বাধার মুখে পড়েছে। এখন যে সুযোগ এসেছে, তা যেন কোনোভাবেই অবহেলা বা ভুলের কারণে হারিয়ে না যায়। এ বিষয়টি সবাইকে সবসময় মনে রাখতে হবে।

সিলেটের বিভিন্ন সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও মন্ত্রীরা এসব বিষয় নিয়ে কথা বলছেন এবং কাজও শুরু হয়েছে। ইতোমধ্যে সিলেটের উন্নয়নে বেশ কিছু বড় কাজ সামনে এসেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ ও মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ