সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী, জোর দিলেন প্রশিক্ষণ ও প্রস্তুতির ওপর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মানিকগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রশিক্ষণ এলাকায় মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। পরে তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন।
মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিট কমান্ডারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও সামরিক প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি সেনাসদস্যদের পরিচালিত রেইড মহড়াসহ যুদ্ধক্ষেত্রভিত্তিক বিভিন্ন কৌশল প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন।
সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
তিনি সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :