বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে আবাসন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এবং শেরেবাংলানগরে জাতীয় সংসদ ভবনের স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন বলে জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার এক আলাপকালে তিনি জানান, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য অফিস হবে বঙ্গভবনে, তবে আবাসন হিসেবে ব্যবহার করবেন স্পিকারের সরকারি বাসভবন।
এর আগে শুক্রবার বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন ও আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী রোববার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন বলে কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :