ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে স্লিপার কোচের ধাক্কা, নিহত ২ আহত অন্তত ১৫
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট–ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে দ্রুতগতির স্লিপার কোচ ধাক্কা দিলে দুজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (৩১ মে) দুপুরে উপজেলার তাজপুর কদমতলা এলাকায়, এম এ আজিজ ইনডোর গ্রাউন্ডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী যাতায়াত পরিবহনের একটি বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মহাসড়কের পাশে থামানো হয়। বাসটির চালক ও হেলপার নিচে নেমে টুলবক্স খুলে মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা সিলেটগামী সেন্টমার্টিন স্লিপার কোচ দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই যাতায়াত পরিবহনের চালক সোহেল (৩০) ও হেলপার ইমন (২০) মারা যান। নিহত সোহেল নরসিংদী জেলার সাহেপ্রতাপ এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। হেলপার ইমনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় বাসে থাকা যাত্রী মো. মাসুম মিয়া (৪৫), ফাহিম (২০), আনাজ (২০) ও জহির (২৫) গুরুতর আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এছাড়া উভয় বাসের আরও ১৫ থেকে ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে কাজ করে। পরে হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :