শেরপুরের শ্রীবরদীতে কলাগাছের ভেলায় খেলার সময় ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলায় কলাগাছ দিয়ে তৈরি ভেলা বানিয়ে খেলতে গিয়ে বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) এবং নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের বৃষ্টির পানিতে জমে থাকা একটি ডোবায় কলাগাছের ভেলা বানিয়ে খেলছিল দুই শিশু। খেলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন এবং কিছু সময় পর ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান শ্রীবরদী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল আশিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞাও ঘটনাটি নিশ্চিত করে নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
আপনার মতামত লিখুন :