শান্তি আলোচনা চললেও ইউক্রেনে রাশিয়ার রাতভর বিমান হামলা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনাকারী দলের সঙ্গে ‘খুব গঠনমূলক’ ফোনালাপের কথা জানান। এর কয়েক ঘণ্টা পরই রাশিয়া শনিবার রাতজুড়ে ইউক্রেনে বিমান হামলা চালিয়েছে।
রবিবার ভোরে মধ্য ইউক্রেনের গুরুত্বপূর্ণ শিল্পনগরী ক্রেমেনচুকের মেয়র জানান, শহরটিতে বারবার ‘বড় ধরনের’ হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। রাশিয়া দাবি করেছে, তারা বিভিন্ন এলাকায় ইউক্রেনের ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মায়ামিতে হওয়া বিস্তারিত আলোচনাসহ যুদ্ধ শেষ করার প্রচেষ্টা জোরদার হলেও আকাশপথে হামলা অব্যাহত রয়েছে। এই আলোচনার লক্ষ্য দুই পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি শান্তিচুক্তির খসড়া তৈরি করা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যেতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’।
জেলেনস্কি জানান, যুদ্ধ শেষ করার সম্ভাব্য যেকোনো চুক্তি রাশিয়া যেন মেনে চলে, ওই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই ক্রেমেনচুকের মেয়র ভিতালি মালেতস্কি জানান, শহরটির অবকাঠামোর ওপর ‘বড় ধরনের যৌথ হামলা’ হয়েছে। রবিবার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ পাওয়া না গেলেও কয়েকটি এলাকায় পানি, বিদ্যুৎ ও গরমের সরবরাহ বন্ধ হয়ে গেছে।
কিয়েভ ও পূর্ব ফ্রন্টলাইনের মাঝামাঝি অবস্থিত এই শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে বারবার লক্ষ্যবস্তু হয়েছে।
এদিকে হোয়াইট হাউস কিয়েভ ও মস্কোকে যুদ্ধ শেষ করার জন্য বহু দফার প্রস্তাব মানতে চাপ দিচ্ছে। তবে দুই পক্ষই যুক্তরাষ্ট্র–নেতৃত্বাধীন এই প্রক্রিয়ায় অংশ নিলেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতির ইঙ্গিত নেই।
জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্স–এ লেখেন, ‘ইউক্রেন সত্যিকারের শান্তি অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে কাজ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন, তারা এমন সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন যা, ‘রক্তপাত বন্ধ করতে পারে এবং রাশিয়ার নতুন করে পূর্ণমাত্রার হামলার হুমকি দূর করতে পারে।’
ইউরোপ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার প্রাথমিক খসড়ার কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে।
তারা যুদ্ধোত্তর ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করতে চায়, এমনকি প্রয়োজন হলে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবও দিয়েছে, যার জন্য তারা হোয়াইট হাউসের সমর্থন চাইছে।
সূত্র : বিবসি
আপনার মতামত লিখুন :