হোসেনপুরে সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও তথ্য যাচাই প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য যাচাই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও হোসেনপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেক্সোনা খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। এ সময় হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান চন্দন, সিনিয়র সহসভাপতি মানসুরুল হক রবিন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মিজবাহ উদ্দিন মানিক, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. আবু বকর ছিদ্দিক বাক্কার, দৈনিক সংগ্রামের সংবাদদাতা মো. শামছুল হক, দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু সালেহ বাবুলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সংবাদমাধ্যমে তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর বিষয় মোকাবিলায় সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা থাকা অত্যন্ত জরুরি।
তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাল্টিমিডিয়া প্রযুক্তির সঠিক এবং নৈতিক ব্যবহার সংবাদ সংগ্রহ ও পরিবেশনকে আরও গতিশীল, আকর্ষণীয় ও কার্যকর করতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার করতে গিয়ে সাংবাদিকতার মৌলিক নীতি, বিশেষ করে তথ্যের সত্যতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কিশোরগঞ্জের তিন উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৭ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক, তথ্য যাচাইয়ের কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :