রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা প্রতিবেদক :

রাজধানীর শাহবাগে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দুপুরে শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের একটি ভাড়া কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে ভবনের অন্য বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে নিহতের বোন নুজুলা ফেরদৌসের উপস্থিতিতে কক্ষের দরজা খুলে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মো. আ. রশিদের মেয়ে। তিনি আজিজ সুপার মার্কেট ভবনের ১৪ তলার ৮/১ নম্বর কক্ষে একাই ভাড়া থাকতেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, স্বজনদের তথ্য অনুযায়ী ফারা ফেরদৌস দীর্ঘদিন ধরে ওই ভবনে বসবাস করছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কার্ডিও ভাসকোলার বিষয়ে একটি কোর্স করছিলেন এবং ৩৯তম বিসিএসের একজন চিকিৎসক ছিলেন।

পুলিশ জানায়, গত ২৩ জুন বোনের সঙ্গে ফারা ফেরদৌসের সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকে পরিবারের কারও সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি।

এসআই একরামুল হক নিউজ বাংলা ডট নিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ