ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ, বাজেট পেশ ১১ জুন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের এটি প্রথম বাজেট অধিবেশন।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। এতে আগামী ১১ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করা হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ভর্তুকি ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং সুদ পরিশোধের চাপের কারণে এবার বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অর্থনীতিকে পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি মোকাবিলা করা হবে বড় চ্যালেঞ্জ হিসেবে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।
আপনার মতামত লিখুন :